বিরোধীদলীয় নেতা জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোনো ধরনের অরাজকতাই দেশের মানুষ চায় না, আর এসবের জবাব দেওয়ার জন্যও প্রস্তুত রয়েছে জনগণ:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১ এপ্রিল ২০১৩ , ২৮ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি প্রশ্ন করেন দেশের সাধারণ জনগণকে নিপীড়নের মাধ্যমে বিরোধীদলীয় নেত্রী কি অর্জন করতে চান। প্রধানমন্ত্রী বলেন, 'ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করুন। জনগণের জীবন ও আগুন নিয়ে খেলবেন না। জনগণকে শান্তিতে থাকতে দিন। কেন আপনি দেশকে পুনরায় অন্ধকারে ঠেলে দিচ্ছেন?' ২৮ মার্চ চট্টগ্রামে হরতাল চলাকালে বোমা বিস্ফোরণে ডান চোখে আঘাতপ্রাপ্ত অন্তু বড়ুয়া ও তার মা বাবা গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, হরতালে ধ্বংসাত্মক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি হরতালে বোমার স্প্রিন্টারে এই মেয়েটির ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে।
আগামী ১৩ এপ্রিল পাবনা জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সভা
১১ এপ্রিল ২০১৩ , ২৮ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সঙ্গে পাবনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা আগামী ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং পাবনা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের সংসদ সদস্যরা, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
ব্লাসফেমি আইনের পরিকল্পনা নেই, বিবিসির সাথে সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় বিশ্বাস করে, সবারই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে: শেখ হাসিনা
সোমবার, ৮ এপ্রিল ২০১৩, ২৫ চৈত্র ১৪১৯
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্লাসফেমি আইনের আদলে নতুন কোন আইন প্রণয়নের হেফাজত ইসলামের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ ক্ষমতা আইনসহ প্রচলিত অনেক আইনেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিরোধীদলের তত্বাবধায়ক সরকারের দাবিও নাকচ করে দিয়ে তিনি বলেছেন,বর্তমান সেনাবাহিনী রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না। এদিকে,হেফাজতে ইসলাম নতুন আইন করাসহ ১৩ দফা দাবিতে লংমার্চের পর আজ দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল করছে । (এই লিংকে ভিডিও-http://www.facebook.com/photo.php?v=509920899064289)
যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবেই; গণতন্ত্র ও মানুষ হত্যা করে খালেদা জিয়া ক্ষমতায় যেতে চান:আওয়ামী লীগ নেতৃবৃন্দ
হেফাজতে ইসলামের মধ্যযুগীয় দাবি বিএনপি সমর্থন জানিয়ে প্রমাণ করেছে তারা মধ্যযুগীয় চিন্তা চেতনায় বিশ্বাসী একটি দল: আওয়ামী লীগ নেতৃবৃন্দ
৮ এপ্রিল ২০১৩, ২৫ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি, জামায়াত ও হেফাজত গণতন্ত্রের শত্রু। গণতন্ত্রকে ধ্বংস করতে তারা এক কাতারে শামিল। এদের হাতে সাংবাদিকদের নিরাপত্তা নেই, নারীদেরও নিরাপত্তা নেই। হেফাজত ইসলামের ১৩ দফার মধ্যে যৌক্তিক দাবিগুলো মানা হবে, তবে অযৌক্তিক দাবি কখনই মেনে নেয়া হবে না। গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা কার সঙ্গে থাকবেন। কারণ শেখ হাসিনার সামনে আজ বড় চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের এ লড়াইয়ে জিততেই হবে।
লংমার্চে জামাতের নাশকতা সম্পর্কে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৫ এপ্রিল ২০১৩, ২২ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতে ইসলামের লংমার্চে জামাত-শিবির ঢুকে যেন কোন ধরনের নাশকতা চালাতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচীর সুযোগ নিয়ে কেউ যাতে কোন অঘটন ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জামাতের রাজনীতি নিষিদ্ধকরণ বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে রিট নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতে রিট আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার থেকে নির্বাহী আদেশে কোন কিছু করা সম্ভব নয়।
জামাত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান: সৈয়দ আশরাফুল ইসলাম
সংখ্যালঘুদের ওপর হামলা করেছে বিএনপি-জামাত: সৈয়দ আশরাফুল ইসলাম
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৩, ২১ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং কয়েক মাস আগে কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফসহ আরও কয়েকটি স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও পরিবারে সংঘটিত হামলাগুলো একইসূত্রে গাঁথা। এ হামলাগুলোর সঙ্গে জামাত ও বিএনপি সরাসরি জড়িত। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে বিএনপি ও জামাত দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যাওয়ার যে নীলনকশা আঁকছে তা এ দেশের মুক্তিকামী জনতা কোনোদিনও সফল হতে দেবে না।
বিএনপি-জামাত যা করছে সেটা কোন আন্দোলন নয়, সত্যিকারের রাজনৈতিক দল চোরাগোপ্তা হামলা করেনা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
জামাতকে নিষিদ্ধ করতে হলে আইনের আওতায় করতে হবে: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
০২ এপ্রিল ২০১৩, ১৯ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জামাতকে নিষিদ্ধ করতে হলে আইনের আওতায় করতে হবে। তিনি বলেন, ''সংবিধানে আছে কোনো দল সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের নিষিদ্ধ করার জন্য আইনে বিধান রয়েছে। হঠাৎ করে টেলিভিশন বা জনসভায় ঘোষণা দিয়ে জামাতকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। আমরা আইন ও সংবিধানে বিশ্বাসী।"মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘী ময়দানে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের আইন পরিবর্তন করা হয়েছে। যুদ্ধাপরাধীদের পাশাপাশি তাদের দলকেও বিচারের আওতায় আনা যাবে। আর বিচারে যদি প্রমাণিত হয়, তাহলে নিষিদ্ধও করা যাবে। জামাতকে নিষিদ্ধ করতে হলে আইনের পথে এগুতে হবে।তিনি বলেন, 'আজ বিএনপি-জামাত যা করছে সেটা কোন রাজনৈতিক আন্দোলন নয়, সেটা কোন গণআন্দোলন নয়। ভীতু, কাপুরুষরাই একমাত্র চোরাগোপ্তা হামলা করে। কোন বীরের দল, সত্যিকারের রাজনৈতিক দল চোরাগোপ্তা হামলা করেনা।'তিনি বলেন, 'ট্রেনে আগুন দেয়া হচ্ছে, রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলা হচ্ছে, এগুলোর মালিক কি শেখ হাসিনা ? এটিএন চ্যানেলের গাড়ি পোড়ানো হচ্ছে, এই চ্যানেলের মালিক কি আমি বা শেখ হাসিনা ? এসএসসি-এইচএসসি পরীক্ষা বন্ধ করে দেয়া হচ্ছে। পরীক্ষার্থীরা কি শুধু শেখ হাসিনার ছেলে মেয়ে ?'














