গত তিন বছর আমরা যে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে পারলাম, সেটাতো ইতিবাচক রাজনীতি করি বলেই পেরেছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুদ্ধাপরাধীদের বিচারের দাবী একটি জাতীয় দাবী, এবং সেই দাবীর প্রেক্ষিতেই বিচারকার্য শুরু হয়েছে, বিবিসি বাংলাকে শেখ হাসিনা
৪ জানুয়ারি ২০১২, ২১ পৌষ ১৪১৮
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ব্যাহত করার কোন প্রচেষ্টা তিনি সহ্য করবেন না৻ বিবিসি বাংলার সাথে এক একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবী একটি জাতীয় দাবী, এবং সেই দাবীর প্রেক্ষিতেই বিচারকার্য শুরু হয়েছে৻ ''এখন যদি কেউ মনে করে রাস্তায় দুটো বোমা মেরে আর বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে, সেটা কিন্তু ঠিক না'', তিনি বলেন৻ শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ ছাড়া বিরোধীদের সাথে সরকারের সম্পর্ক 'ঠিকই আছে'৻
প্রধান বিরোধীদল বিএনপির মিছিল, গাড়ি নিয়ে লংমার্চ, জনসভা ইত্যাদির প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কোথাও তাদের গণতান্ত্রিক প্রোগ্রামগুলোতে কোন বাধা দিচ্ছে না৻ ''কিন্তু যখন তারা বোমাবাজী করবে, মানুষ হত্যা করবে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, সেটাতো কখনো সহনীয় না, সেটা সহ্য করা যাবে না৻ ''অবশ্যই মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকার হিসেবে আমাদের কর্তব্য এবং আমরা সেটা করবো'', তিনি বলেন৻ শেখ হাসিনা বলেন, তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা ভুল করবে, কারণ মানুষ তাদের অতীত কর্মকান্ড এখনো মনে রেখেছে৻ ''নির্বাচনে অংশ না নিলে তারা হয়তো রাজনীতিতে ভুল করবে, কারণ এমনিতেই তাদের দূর্নীতি, সন্ত্রাস, স্বজনপ্রীতি, সে ঘটনাগুলো মানুষ নিশ্চই মনে রেখেছে৻ ''তারা যদি ভোটে কারচুপির সুযোগ চায়, সেটাতো জনগণ মেনে নেবে না,'' শেখ হাসিনা বলেন৻
তিনি বলেন, তাঁর সরকার তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উচ্চ আদালতের মূল রায় বাস্তবায়ন করার লক্ষ্যে৻ তিনি বলেন, ১৯৯০ সালে তিন বিরোধী জোটের রূপরেখায় পর পর তিনটি নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বলা হয়েছিলো৻ শেখ হাসিনা বলেন, সেই তিনটি নির্বাচন হয়ে গেছে, এবং ২০০৭ সালে সর্বশেষ তত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা মোটেই সুখকর ছিলো না৻ তত্বাবধায়ক সরকারের নামে এসে পুরো দুই বছর ক্ষমতায় থাকা, এবং এই যে জেল-জুলুম, মাইনাস টু ফর্মূলা .. তিনি প্রশ্ন করেন কীভাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নেই অভিজ্ঞতা ভুলে গেছেন৻ ''আমি জানি না, বিরোধীদলের নেত্রী কীভাবে ভুলে গেলেন যে তত্বাবধায়ক সরকারের হাতে কীভাবে তিনি নিগৃহীত হয়েছিলেন, তাঁর ছেলেদের কীভাবে মেরে মুচলেকা দিয়ে দেশ থেকে বের করে দেয়া হয়েছে'', তিনি বলেন৻ তিনি প্রশ্ন তোলেন, এতসবের পরেও বিএনপি চেয়ারপার্সন কীভাবে আবার তত্বাবধায়ক সরকার চাইছেন?''আবার তত্বাবধায়ক সরকার আসলে যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এই গ্যারান্টি কে দেবে?'' শেখ হাসিনা প্রশ্ন করেন৻ প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার করে তার অপব্যবহার রোধ করে যেতো কিনা, তখন তিনি ২০০৭ সালের কথা আবার স্মরণ করিয়ে দেন৻
তিনি বলেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিলো তিন মাসের জন্য কিন্তু বাংলাদেশেরই ''কিছু জ্ঞানী-গুণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি'' আছেন যারা বলেছিলেন তত্বাবধায়ক সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে৻ কাজেই, আইনের ফাঁক-ফোকর বের করার মত লোকের অভাব বাংলাদেশে নেই বলে তিনি মন্তব্য করেন৻ তিনি বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, সরকার নয়, এবং আওয়ামী লীগের তিন বছরে সকল উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে৻ উদাহরণ হিসেবে শেখ হাসিনা চট্টগাম এবং নারায়ণগঞ্জের মেয়র নির্বাচন এবং হবিগঞ্জের সংসদীয় উপনির্বাচনের কথা বলেন৻ তিনটিতেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছে৻ ''আমার একটু মজাই লাগে যখন বিএনপি কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করতে চায়,'' শেখ হাসিনা বলেন৻
''আমরা যখন আন্দোলন করেছিলাম তখন তারা বলেছিলো বাংলাদেশে পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়৻''আমি জানি না এখন আমাদের বিরোধীদলীয় নেত্রী পাগল-শিশু খুঁজে পেয়েছেন কিনা, বলতে পারবো না, কিন্তু তিনি এখন এই দাবী করছেন,'' প্রধানমন্ত্রী বলেন৻তিনি বলেন, বিরোধীদলের উচিত জনগণের উপর বিশ্বাস রাখা এবং কীভাবে এই বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে সেই কাজটা করা৻আওয়ামী লীগ-নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন নির্বাচনের সময় দেওয়া পরিবর্তনের প্রতিশ্রুতি পুরনে তিনি সচেষ্ট৻তিনি বলেন ২০০৮ সালে নির্বাচনের বিজয়ের পর পরাজিত দলগুলোর উপর কোন রকম হামলা নির্যাতন চালানো হয়নি, যেটা ২০০১ সালের নির্বাচনের পর হয়েছিলো৻সকল রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের কর্মকান্ড চালাতে পারছে বলে তিনি মন্তব্য করেন৻তিনি বলেন, এই প্রথমবারের মত সংসদে স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যানের পদ মন্ত্রীর পরিবর্তে সাধারন সদস্যদের এমনকি বিরোধীদলীয় সদস্যকেও দেওয়া হয়েছে৻ ''গত তিন বছর আমরা যে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে পারলাম, সেটাতো ইতিবাচক রাজনীতি করি বলেই পেরেছি'', প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন৻
