বিএনপি আন্দোলনের নামে পাঁচজন মানুষ হত্যা করেছে, এজন্য বিএনপি নেত্রীকে জবাব দিতে হবে: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যশোর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময়
২ ফেব্রুয়ারী ২০১২, ২০ মাঘ ১৪১৮
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবনে যশোর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, সম্প্রতি বিরোধী দলের গণমিছিল কর্মসূচিতে তিন জেলায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বিএনপিই দায়ী । বিএনপি নেত্রী সেনাবাহিনীকে নিয়ে খেলতে চাচ্ছেন। সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছেন। অনেক রক্ত ঝরিয়েছেন সেনাবাহিনীর। এখন এই আত্মঘাতী খেলা বন্ধ করেন", বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছেন। তিনি মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। আন্দোলনের নামে পাঁচজন মানুষ হত্যা করেছেন। বিএনপি নেত্রীকে জবাব দিতে হবে কেন এই হত্যা। মানুষের জীবন নিয়ে উনি আর কত খেলবেন। ওনার আরও রক্ত চাই। আর কত রক্ত হলে উনি থামবেন।' তিনি বলেন, 'উনি (খালেদা জিয়া) এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছেন। এই তত্ত্বাবধায়ক সরকার ওনার ছেলেদের ধরে নিয়ে পিটিয়ে জেল খাটিয়েছে। উত্তম-মাধ্যম দিয়ে বিদেশে পাঠিয়েছে। আবার তত্ত্বাবধায়ক সরকার এলে ওনার ছেলেদের ধরে এনে ফাঁসি যে দেবে না, তার কী নিশ্চতা আছে।'
বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশ্যে শেখ হাসিনা গণভবনের অনুষ্ঠানে বলেন, "আপনাকে গণতান্ত্রিক রীতিনীতি মানতে হবে। আপনি যে আশা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন- তা পূরণ হবে না।" তত্ত্বাবধায়কের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, "তত্ত্বাবধায়ক সরকার এসে যদি আর নির্বাচন না দেয়? আর, তত্ত্বাবধায়ক কী উনাকে (খালেদা জিয়া) কোলে তুলে ক্ষমতায় বসবে?" তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে দলীয় সভনেত্রী বলেন, "আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হবে না।"
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, দলীয় সাংসদ, যশোরের সব উপজেলা, থানা এবং পৌর, ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
