মেঘের সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার | ১৪ ফেব্রুয়ারি ২০১২ | ২ ফাল্গুন ১৪১৮
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির সন্তান মাহিন সরওয়ার মেঘের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, শিশু মেঘের শিক্ষাসহ ভালোভাবে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, তার শতভাগ নিশ্চিত করা হবে। আমৃত্যু এই দায়িত্বভার গ্রহণের ঘোষণা দিয়ে তিনি একই সঙ্গে এ নির্মম জোড়া খুনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন।
গতকাল সোমবার রাতে গণভবনে সাগর ও রুনির পরিবারের সদস্যরা দেখা করতে গেলে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাগরের মা সালেহা মুনির, ভগ্নিপতি অধ্যাপক আবুল হাসান চৌধুরী, মেহেরুন রুনির মা নুরুন্নাহার মির্জা, ভাই নওশাদ আলম রাজন, নওশের আলম রোমান ও নওয়াজীশ আলম রিমন, বোন রোকসানা জাভেদ বেলিম, ভগ্নিপতি ক্রিকেটার জাভেদ ওমর বেলিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিল সাংবাদিক দম্পতির অবুঝ সন্তান মেঘ।
প্রধানমন্ত্রী মেঘকে কোলে তুলে নিয়ে আদর করেন ও তাকে চকোলেট উপহার দেন। তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাগর ও রুনির মা অঝোরে কান্নায় ভেঙে পড়লে প্রধানমন্ত্রীর দুই চোখের কোণেও পানি জমে।
সাগর ও রুনির মা প্রধানমন্ত্রীকে বলেন, 'আপনিও আমাদের মতো স্বজনহারা। আপনি আমাদের কষ্ট বোঝেন।' শোকাহত এই দুই মা তাদের সন্তান হত্যার বিচার দাবি করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার যে কোনো মূল্যে খুনিদের গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করাবে। আবেগঘন কণ্ঠে শেখ হাসিনা বলেন, 'স্বজন হারানোর ব্যথা আমি বুঝি।' তিনি ব্যক্তিগতভাবে সাগর ও রুনিকে স্নেহ করতেন বলে জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, বনমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংসদ আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
