রোববার | ৬ মে ২০১২ | ২৩ বৈশাখ ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের অর্থমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা ১২টার কিছু পর দু'নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়সহ দু'নেতার মধ্যে আন্তঃবাণিজ্য নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের সঙ্গে করা ভারতের সব চুক্তি খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সফররত ভারতের অর্থমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনাকে প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরকালে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে বাংলাদেশের সঙ্গে করা ভারতের সব চুক্তি খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে। চুক্তিগুলো বাস্তবায়নে বিলম্বের প্রসঙ্গটির উল্লেখ করে প্রণব মুখোপাধ্যায় বলেন, ''কিছু বিষয়ের বাস্তবায়নে দেরি হচ্ছে। তবে সব চুক্তিই বাস্তবায়ন করা হবে।'' টিপাইমুখ বাঁধ বিষয়ে প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, যৌথ নদী কমিশনের অধীনে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। যারা টিপাইমুখ বাধেঁর বিষয়টি পর্যালোচনা করছে। এই কমিটি প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের ব্যাপারে মানুষের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসানে করণীয় সম্পর্কে সরকারকে সুপারিশ করবে। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও প্রণব মুখোপাধ্যায় আলোচনা শেষে গণভবনে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
