ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
বৃহস্পতিবার | ১০ মে ২০১২ | ২৭ বৈশাখ ১৪১৯
নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল বুধবার। এ উপলক্ষে রাজধানী ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ছিল মরহুমের কবরে শ্রদ্ধার্ঘ নিবেদন, পবিত্র ফাতেহা পাঠ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, মোনাজাত, আলোচনা সভা, স্মরণসভা প্রভৃতি।
পীরগঞ্জে মরহুমের পরিবারের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও এর গবেষণা প্রতিষ্ঠান 'ড. ওয়াজেদ রিসার্চর্ ইনস্টিটিউট'সহ বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাকর্মীরা সকালে রংপুরের পীরগঞ্জের ফতেপুর লালদীঘি গ্রামে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় কবর জিয়ারত ও ফাতেহা পাঠে অংশ নেন তারা। পরে মরহুম ওয়াজেদ মিয়ার বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর রংপুরের ফোরকানিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুরূপ আলোচনা সভা হয়েছে। এদিন বাদ আসর ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত ঢাকার ধানমণ্ডির সুধা সদনের বাড়িতে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী পবিত্র কোরআনখানি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ পরিবারের সদস্যরা মিলাদে যোগ দেন। আরও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, অ্যাডভোকেট রহমত আলী এমপি, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি প্রমুখ।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় মাহবুবউল আলম হানিফ, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট আফজাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, একেএম এনামুল হক শামীম, এমএ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও শাহে আলম মুরাদসহ দলের কেন্দ্রীয়, নগর ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামী লীগ
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
