Elektronik Sigara মিয়ানমারের সঙ্গে প্রাণোচ্ছল সম্পর্ক স্থাপনে বাংলাদেশ আগ্রহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

মিয়ানমারের সঙ্গে প্রাণোচ্ছল সম্পর্ক স্থাপনে বাংলাদেশ আগ্রহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার, ১৫ মে ২০১২, ১ জ্যৈষ্ঠ ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিকট প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে প্রাণোচ্ছল সম্পর্ক স্থাপনে আগ্রহী। প্রধানমন্ত্রী বলেন, ইয়াঙ্গুন দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সেতু নির্মাণে বাংলাদেশের সোপান হওয়ায় দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তাকে ঢাকা খুবই গুরুত্ব দেয়। বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিন লুইন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারী বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। শেখ হাসিনা বৈঠকে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের মীমাংসা হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ দু'দেশের জনগণের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যকার ঐতিহাসিক চমৎকার সম্পর্ক, সাংস্কৃতিক ঐতিহ্য ও জনগণ পর্যায়ে যোগাযোগ এবং অভিন্ন প্রত্যাশার উল্লেখ করে বলেন, সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপিত হলে দু'দেশের মধ্যকার বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বৈঠকে প্রধানমন্ত্রী বহুমুখী আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, সহজ যোগাযোগ ব্যবস্থা আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করবে এবং দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য নিরসনে অর্থনীতির অন্য ক্ষেত্রসমূহে সহযোগিতা জোরদার হবে। শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সাম্প্রতিক বিমান চলাচলে চুক্তি স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে খুব শীঘ্রই ঢাকা-চট্টগ্রাম-ইয়াঙ্গুন বিমান চলাচল চালু হবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী গত দু'দশক ধরে বাংলাদেশে দুটি ক্যাম্পে বসবাসকারী মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশে ফিরিয়ে নিতে সে দেশের প্রেসিডেন্টের আশ্বাসের প্রশংসা করেন।
জ্বালানি খাতে মিয়ানমারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে তাঁর সরকারের আগ্রহ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, পারস্পরিক সুবিধাজনক দরে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্য থেকে উদ্বৃত্ত জলবিদ্যুত আমদানি করার ব্যাপারে বাংলাদেশ আগ্রহী। রাষ্ট্রদূত বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। এ্যাম্বাসেডর এ্যাট-লার্জ এম জিয়াউদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

অনলাইন রেডিও

You are here চলতি খবর মিয়ানমারের সঙ্গে প্রাণোচ্ছল সম্পর্ক স্থাপনে বাংলাদেশ আগ্রহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা