বুধবার | ১৬ মে ২০১২ | ২ জ্যৈষ্ঠ ১৪১৯
আগামীকাল ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী সংগঠন দিবসটিকে যথাযথ মর্যাদায় পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে ছাত্রলীগ ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন এবং বঙ্গোপসাগরে মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকালের ছাত্র-সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে । রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের প্রাঙ্গণের পশ্চিম পাশে পূর্ব দিক করে দুই স্তরের মঞ্চে দুপুর ২টায় এ ছাত্র-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। এই ছাত্র সংবর্ধনা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা সব সাংগঠনিক জেলা, থানা, বিশ্ববিদ্যালয়, কলেজে কর্মী সভা, আলোচনা সভা ও মতবিনিময় করছেন। সব সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় নেতাদের সফরের মাধ্যমে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
