কাতারের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ত্যাগ
মঙ্গলবার | ২৯ মে ২০১২ | ১৫ জ্যৈষ্ঠ ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু'দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সেখানে বার্ষিক ইউএস ইসলামিক বিশ্ব ফোরামে যোগ দেবেন। দোহার রিজ কার্লটন হোটেলে আজ রাতে ফোরাম শুরু হচ্ছে। তিনি এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ার ওয়েজের একটি বিশেষ বিমানে করে যাত্রা করেন।
বিমানবন্দরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, কেবিনেট সচিব ও তিন বাহিনীর প্রধানগণ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডার এট-লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
পরিবর্তনের চ্যালেঞ্জসমূহের ওপর জোর দেয়ার লক্ষে এবারের ইউএস ইসলামিক বিশ্ব ফোরাম ২০১২ এর প্রতিপাদ্য 'নতুন কণ্ঠ, নতুন নির্দেশনা'। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামি দেশগুলোর সমস্যা মোকাবেলায় নীতি নির্ধারক, চিন্তাবিদ ও অ্যাক্টিভিস্ট এবং উদ্যোক্তা ও সাংবাদিকরা এ ফোরামে ফলপ্রসূ আলোচনা করবেন।
