হরতালে অরাজকতা করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা: সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার, ১৪ জুন ২০১২, ৩১ জ্যৈষ্ঠ ১৪১৯
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, হরতালের নামে যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের দ্রুত বিচার আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। হরতালের নামে রাস্তায় নেমে কেউ যাতে গাড়ি পোড়াতে বা ভাংচুর করতে না পারে সেজন্য পুলিশী ব্যবস্থা জোরদার করাসহ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিরোধীদলের হরতাল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় স্পর্শকাতর স্থানসমূহ নির্ধারণ করে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন লোকদের তল্লাশি করা হচ্ছে। পরবর্তীতে যাতে অপরাধীরা একই ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি হরতালে ঢাকাসহ বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সারাদেশে মোট ৫৯টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির সংখ্যা ৩০৪ জন। বিচারাধীন মামলার সংখ্যা ১৮টি, তদন্তাধীন মামলার সংখ্যা ৪১টি। তিনি জানান, বিরোধী দলের ডাকা হরতাল চলাকালে সারাদেশে ৭৯টি গাড়ি পোড়ানো ও ভাংচুর করা হয়েছে। এতে ৫ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হরতালে যারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সারাদেশে মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে এ পর্যন্ত তিন শ' চার জনকে গ্রেফতার করা হয়েছে।স্বতন্ত্র সংসদ সদস্য প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, রমজান মাসে ব্যবসার নামে যাতে কোন অসাধু মুনাফালোভী ব্যবসায়ী দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বৃদ্ধি ও ভেজাল দিতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত সভা করে নজরদারি জোরদার করা হয়েছে। টিসিবির সক্ষমতা বাড়াতে অর্থ বিভাগ এক হাজার কোটি টাকার কাউন্টার গ্যারান্টির সুবিধা প্রদান করছে। এ ছাড়া রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের আটটি মনিটরিং টিম রাজধানীর ২৬টি বাজারে অভিযান পরিচালনা করবে।
সংসদ নেতা জানান, বর্তমানে টিসিবির কাছে ১০ হাজার সাত শ' ৮৮ মেট্রিক টন চিনি, ৪৩ লাখ ৭১ হাজার নয় শ' ৬৬ লিটার ভোজ্যতেল, এক হাজার তিন শ' ১৯ মেট্রিক টন মসুর ডাল মজুদ আছে। তিনি বলেন, রমজানের চাহিদার কথা চিন্তা করে আরও ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে, যা চলতি মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। এ ছাড়া বিএসএফআইসি হতে রমজানের পূর্বে আরও ২০ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করা হবে। এ ছাড়া রমজানে ভোজ্যতেল সরবরাহ অব্যাহত রাখতে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে তেলের চুক্তি সম্পন্ন করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে রমজান মাসে ৬৮ লাখ ৪৭ হাজার আট শ' ২৪ লিটার তেল পাওয়া যাবে। এ ছাড়া আরও পাঁচ লাখ লিটার তেল সংগ্রহের কার্যক্রম চলছে।
সরকারী দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যার ফলে চলতি বছর বিদেশ থেকে কোন চাল আমদানি করা হচ্ছে না। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৮-০৯ সালে তিন কোটি ২২ লাখ মেট্রিক টন, ২০০৯-১০ সালে তিন কোটি ৩২ লাখ মেট্রিক টন, ২০১০-১১ সালে তিন কোটি ৪৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করেছে।
তিনি জানান, এ বছর আমন মৌসুমে তিন দশমিক পাঁচ লাখ মেট্রিক টন চাল, এক লাখ মেট্রিক টন গম এবং বোরো মৌসুমে দেড় লাখ মেট্রিক টন ধান ও নয় লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া কৃষির উন্নয়নের জন্য বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তিন দফায় নন ইউরিয়া সারের দাম কমিয়েছে। এর মধ্যে টিএসপি সারের দাম কেজিপ্রতি ৮০ টাকা থেকে ২২ টাকা, এমওপি সার ৭০ টাকা থেকে ১৫ টাকা এবং ডিএপি সার ৯০ টাকা থেকে ২৭ টাকা নির্ধারণ করেছে। সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নোত্তরে সংসদ নেতা জানান, ষষ্ঠ ও সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। যার ফলে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ২২ দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে প্রবৃদ্ধি যথাক্রমে আট শতাংশ ও ১০ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ২০১২ সালে মধ্যে মাথাপিছু আয় দুই হাজার ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষার উন্নয়নের জন্য সারাদেশে এক হাজার ছয় শ' ২৪টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে এক হাজার নয় শ' ৩৭ জন নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীর অনুপাত কমিয়ে আনতে দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রায় এক হাজার আট শ' ৫২ জন প্রধান শিক্ষক ও ৫৮ হাজার পাঁচ শ' ৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৪৭ হাজার ছয় শ' ৭২ জন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দেয়া হবে।
সরকারী দলের অপর সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার প্রাতিষ্ঠানিকরণের প্রধান চালিকা শক্তি হিসেবে তৎপর রয়েছে। সে বিবেচনায় আঞ্চলিক সহযোগিতার প্রসার বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ। বাংলাদেশ মনে করে দক্ষিণ এশিয়ার দেশসমূহের সক্ষমতার সমন্বিত ব্যবহারের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। দক্ষিণ এশিয়ায় অবাধ বাণিজ্যের পূর্বশর্ত হিসেবে শুল্ক ও অশুল্ক বাধাসমূহ দূর করার জন্য বাংলাদেশ জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
সরকারী দলের বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমানে জাতিসংঘের ম্যান্ডেটপ্রাপ্ত ১৬টি শান্তিরক্ষা মিশনের মধ্যে ১০টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যগণ নিয়োজিত রয়েছেন। বাংলাদেশের শান্তিরক্ষীবৃন্দ প্রতিটি মিশনেই সুনাম ও মর্যাদার সঙ্গে কাজ করছেন। তাঁরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি মিশনসংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বৃদ্ধি করছে। রেমিটেন্স প্রেরণেও যথেষ্ট ভূমিকা রাখছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের চেয়ারম্যান। এ পদে অবস্থানের সুবিধা গ্রহণ করে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
