টিপাইমুখে যৌথ সমীক্ষা শুরু শিগগিরই, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার, ২৮ জুন ২০১২, ১৪ আষাঢ় ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান সংসদকে জানিয়েছেন টিপাইমুখ ড্যাম প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ সমীক্ষা অচিরেই শুরু হবে। এ প্রকল্পের ফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে, সে বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনার বিষয়ে দু'দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত সম্মত হয়েছে। গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে এ কথা জানান। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে যৌথ সমীক্ষা দলের বাংলাদেশ পক্ষ গঠন করে ভারত সরকারকে জানানো হয়েছে। অচিরেই যৌথ সমীক্ষা শুরু হচ্ছে। বাংলাদেশ পানি আইন-২০১২'-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ খসড়া পানি আইনটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। তিনি জানান, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের সমন্বিত গঙ্গার পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণপূর্বক গঙ্গা ব্যারেজ প্রকল্পটি আশা করা যায় আগামী অর্থবছরে রাজবাড়ীর পাংশায় নির্মাণ কাজ শুরু হবে। ক্ষমতা গ্রহণের পর সরকার তিস্তার পানি বণ্টনকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। এ বিষয়ে চুক্তি সম্পাদনের জন্য ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এ সরকারের আমলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) গড়ে ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। জাতীয় আয় বেড়ে হয়েছে ৮৪৮ মার্কিন ডলার। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে কমে বর্তমানে ৩১ দশমিক ৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। রেমিট্যান্স প্রবাহ গত ৩ বছরে গড়ে প্রবৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮ শতাংশ।
নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডিসেম্বর ২০১১ পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ১৫৭ জন লোক বিভিন্ন দফতরে নিয়োগ দিয়েছে। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৮ হাজার ৯১৭ জন এবং নারী ৭২ হাজার ২৪০ জন। চলতি অর্থবছরে কাবিখা ও টিআর কর্মসূচির মাধ্যমে আরও ৫৩ লাখ ৬৭ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেখ ফজলে নূর তাপসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য ঢাকা স্ট্র্যাকচার প্ল্যান (২০১৬-২০৩৫) প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। ফরিদা আখতারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পুলিশের অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যবস্থাকে ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে। পাঠ্যসূচিতে মানবাধিকার, মানবিকতা, মূল্যবোধ, গণতান্ত্রিক শিষ্টাচার ইত্যাদি বিষয়কে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বিগত সময়ে দারিদ্র্য হ্রাস পেলেও আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
