1542
Published on জুন 16, 2026বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের প্রাণপ্রিয় সংগঠন। এটা বার বার প্রমাণিত যে আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় সিক্ত। অবৈধ নিষেধাজ্ঞার বিপরীতে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন যেনো নিখাঁদ আবেগ-অনুভূতির প্রতিফলন। আওয়ামী লীগ কর্মসূচি দিলেই মিছিলের জনপদের পরিণত হয় সমগ্র দেশ। এরই ধারাবাহিকতায় মিথ্যা ও ভিত্তিহীন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে দেশের জনগণের সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত। জান ও মালের শূন্য নিরাপত্তার বাংলাদেশে নিজেদের জীবন বাজি রেখে কর্মসূচি পালনকারী নেতাকর্মী ও দেশবাসীকে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
দেশবাসী প্রত্যক্ষ করেছে, কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। তাদের অধিকার হরণ করা হয়েছে। অবৈধভাবে দলকে নিষিদ্ধ করা হয়েছে। এতো কিছু করেও স্বেচ্ছাচারী শাসকগোষ্ঠী দমিয়ে রাখতে পারছে না। একদিকে আওয়ামী লীগের উপর অবর্ণনীয় দমন-পীড়ন চালাচ্ছে, অন্যদিকে জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তারেক রহমানের নেতৃত্বে আজকের বিএনপি সরকার। খুনি-ফ্যাসিস্ট ইউনূসের ধারাবাহিকতায় সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম, সরকারের ১০০ দিনে ৬শতাধিক খুন। বাংলাদেশ নামক রাষ্ট্রটা যেনো ব্রেকহীন চলন্ত গাড়ি। চালকের আসনে দক্ষ লোকের অভাবে সবকিছুর ঝুঁকিতে দেশের জনগণ।
গণদাবিতে কেউ কথা বললেই তাঁর বিরিদ্ধে মামলা-হামলা। আওয়ামী লীগ যেহেতু জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার সেহেতু ন্যাক্কারজনকভাবে দলের নেতাকর্মীদের নির্বিচারে গণগ্রেপ্তার, বিনাবিচারে দীর্ঘদিন আটক রাখা এবং মৌলিক নাগরিক অধিকার হরণ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রাষ্ট্রযন্ত্র ও বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের উপর চরম জুলুম, অত্যাচার ও নির্যাতন মানবিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী। আমরা অবিলম্বে সকল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে রাজনৈতিক কারণে আটক সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং চলমান গণগ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা ও বেআইনি গ্রেপ্তার বন্ধের আহ্বান জানাচ্ছি। তা না হলে কঠোর হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও যে কোনো মূল্যে জনগণের অধিকার ও কার্যকরী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে। দেশের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকুন।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।